কসবায় ইমামকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল রোববার ভোররাতে মো. মুছা মিয়া (২০) নামের মসজিদের এক ইমামকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ডের ঘাটুরা এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়াতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকার নন্দনপুর (কলামুড়ী) গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কসবা পৌর এলাকার বিশারাবাড়ী গ্রামের উত্তরপাড়ার রাস্তায় গতকাল ভোররাতের কোনো একসময় ওই ইমামকে জবাই করে লাশ রাস্তায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিহত ব্যক্তির পকেটে একটি মুঠোফোন পাওয়া যায়। ওই মুঠোফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাতেও ওই ইমাম মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন। নামাজ শেষে রাত একটার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মুছা মিয়া একজন হাফেজ। তাই তাঁদের ধারণা, ইমামের প্রতিপক্ষ কিছু ছাত্র এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। ওসি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই কাজল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।