কসবায় উত্ত্যক্ত করায় পাঁচজনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে আদালত তাদের এই দণ্ড দেন।
দণ্ড পাওয়া পাঁচজনের মধ্যে কসবা পৌর এলাকার তেতৈয়া গ্রামের হেলাল মিয়াকে (১৮) তিন মাসের কারাদণ্ড এবং ফুলতলী গ্রামের তানভির মিয়া (১৭), আরাফাত মিয়া (১৬), সোহেল মিয়া (১৯) ও চাপিয়া গ্রামের রাসেল মিয়াকে (১৯) ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় চণ্ডীদ্বার উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী গত শনিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে হেলাল মিয়া ওই ছাত্রীর ফোন নম্বর চায়। ওই ছাত্রী ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে নেওয়ার হুমকি দেয় হেলাল। পরে ওই ছাত্রী হেলালের মুঠোফোন নম্বর চেয়ে নেয়। পরে সে বিষয়টি তার বাবাকে জানায়। রাতে ওই ছাত্রী ফোন করে ছেলেটিকে রোববার বিদ্যালয়ে আসতে বলে। রোববার হেলাল তার অপর সহযোগীদের নিয়ে বিদ্যালয়ে যায়। সেখানে ছাত্রীর অভিভাবকেরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। পরে রাতে তাদের ইউএনও কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হেলালকে তিন মাসের ও অপর চারজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।