কসবায় এক নারীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে গত শুক্রবার রাতে মালতী রানী দাস (৬৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন থানায় এসে আক্তার হোসেন (হাত কাটা আক্তার) নামের এক ব্যক্তি খুনের কথা স্বীকার করার পর তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।মালতীর পরিবার, পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর এলাকার মধ্যম মহাদেবপুর গ্রামের ফনিন্দ্র লাল দাস ও মালতী রানী দাসের মেয়ে দীপ্তি রানী দাসের সঙ্গে কোতোয়ালি থানার ব্যাটারি গলির দুলাল মল্লিকের বিয়ে হয়। বিয়ের চার বছর পর দুলাল মারা যান। পরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আক্তার হোসেনের সঙ্গে দীপ্তির পরিচয় হয়। এ সময় আক্তার দীপ্তির স্বামীর বাড়ি বিক্রির ২০ লাখ টাকার খবর জানতে পেরে কৌশলে গত ২৬ সেপ্টেম্বর দীপ্তি ও তাঁর মা মালতীকে অপহরণ করেন। মালতীর ছেলে বিকাশ দাস তাঁর মা ও বোনকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২০ অক্টোবর সীতাকুণ্ড থানায় আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন।পরে দীপ্তিকে আক্তার জোর করে বিয়ে করেন। এ সময় আক্তার দীপ্তি ও তাঁর মা মালতীকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে রাখেন। এক সপ্তাহ ধরে দীপ্তি তাঁর মাকে না পেয়ে আক্তারকে জিজ্ঞাসা করেন। আক্তার জানান, তাঁকে সীতাকুণ্ডে পাঠানো হয়েছে।তবে গত শুক্রবার আক্তার দীপ্তিকে সঙ্গে নিয়ে কসবা থানায় এসে মালতীকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁদের সঙ্গে নিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন মালতীর লাশ উদ্ধার করেন। এ সময় আক্তারকে গ্রেপ্তার করা হয়।দীপ্তি রানী প্রথম আলোকে বলেন, আক্তার তাঁর মা ও তাঁকে কৌশলে অপহরণ করেছেন। পরে কসবার একটি ভাড়াবাড়িতে রাখতেন।খুনের কথা স্বীকার করে আক্তার প্রথম আলোকে বলেন, কীভাবে যে কী হয়ে গেল, তা তিনি বলতে পারছেন না।