কসবায় এক ব্যক্তি খুন স্ত্রীসহ দুজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া গ্রামে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলমের বাবা জুলফু মিয়া বাদী হয়ে ছেলেবউ (২৫) ও ভাতিজা শামিম মিয়ার (২৬) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, লাশের গলায় শ্বাসরোধ করে খুন করার চিহ্ন রয়েছে। খুনের আলামত জব্দ করা হয়েছে। মামলার বাদী জুলফু মিয়া অভিযোগ করেন, তাঁর ছেলেবউয়ের সঙ্গে শামিম মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে কয়েক দফা সালিস বৈঠক হয়েছে। তাই ক্ষিপ্ত হয়ে তাঁরা জাহাঙ্গীর আলমকে খুন করেছেন। তিনি আরও অভিযোগ করেন, শনিবার রাতে জাহাঙ্গীর মিয়াকে তাঁর স্ত্রী রাতের খাবার খাওয়ান। গভীর রাতে শামিম ও ছেলেবউ তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ রাস্তায় ফেলে রাখেন। রাত দুইটার দিকে ছেলেবউ তাঁর বড় জাকে ডেকে বলেন, ‘আপনার দেবর বাইরে গিয়ে আর ফিরে আসছে না।’ পরে বাড়ির লোকজন বের হয়ে পাশের রাস্তায় জাহাঙ্গীর আলমের মৃতদেহ দেখেতে পান। এ সময় গ্রামের লোকজন সন্দেহবশত জাহাঙ্গীরের স্ত্রী ও শামিম মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, গতকাল সকালে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানাহাজতে থাকাকালে ওই গৃহবধূ ও শামিম মিয়া তাঁদের মধ্যে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। তবে তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। ২০০৪ সালের ডিসেম্বরে কসবা উপজেলার আতকাপাড়ার জাহাঙ্গীর আলম পৌর এলাকার ওই নারীকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাঁদের এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।