কসবায় এক মাসে কোটি টাকার মাছ নিধন, ধরা পড়ছে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত এক মাসে পুকুর, দিঘি ও নদীতে বিষ দিয়ে কমপক্ষে কোটি টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা। এতে নিঃস্ব হয়ে পড়ছেন মত্স্যচাষিরা। এ ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) হলেও কেউ ধরা পড়েনি। ফলে মত্স্যজীবীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।সরেজমিনে জানা গেছে, উপজেলার বায়েক ইউনিয়নের শেরেবাংলা উচ্চবিদ্যালয়-সংলগ্ন বিদ্যানগর গ্রামের পাঁচ একরের দিঘি তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন আবদুল জলিল ও কৈখলা গ্রামের মোস্তফা কামাল। মাছ চাষে তাঁদের ৫০ লাখ টাকার বিনিয়োগ হয়েছে। গত ১০ ডিসেম্বর রাতে দুষ্কৃতকারীরা দিঘিতে বিষ ঢেলে দিলে পরদিন সকালে মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় জলিল মিয়া থানায় একটি জিডি করেন। কাইমপুর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আবু মুছার একটি বড় পুকুরে ২৭ নভেম্বর রাতে দুষ্কৃতকারীরা বিষ ঢেলে দেয়। এতে ১২ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। একই রাতে একই ইউনিয়নের মইনপুর গ্রামে জয়দুল মেম্বারের তিনটি পুকুরে বিষ দিয়ে প্রায় তিন লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রাম হয়ে তিতাস নদীতে গিয়ে পড়েছে সিনাই নদী। গত দুই মাস আগে ওই নদীর উজান এলাকায় দুষ্কৃতকারীরা বিষ দিলে প্রচুর পরিমাণ মাছ ও হাঁস মারা যায়। মত্স্যচাষি আবদুল জলিল বলেন, তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। বিষ দিয়ে নিধন না করলে ওই মাছ কমপক্ষে ৭৫ লাখ টাকায় বিক্রি করা যেত। তিনি বলেন, এ বিষয়ে থানায় জিডি করা হলেও দুষ্কৃতকারীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। একই কথা বলেন কামালপুর গ্রামের পুকুরের মালিক আবু মুছা। গোপীনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রামের বাবুল মোল্লা বলেন, দুষ্কৃতকারীরা সিনাই নদীতে বিষ দিয়ে মাছ ও হাঁস মারলেও প্রশাসন কোনো ভূমিকা পালন করছে না। কাইমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামের মত্স্যচাষি মো. জালাল উদ্দিন বলেন, পুকুর ও দিঘিতে বিষ দিয়ে যেভাবে মাছ নিধন শুরু হয়েছে তাতে রাত-দিন পাহারা দিয়েও আতঙ্কে থাকতে হচ্ছে।উপজেলা মত্স্য কর্মকর্তা মোছা. রাশিদা আক্তার বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা তাঁদের হাতে নেই। কেউ আবেদন করলে তদন্ত করার জন্য পুলিশকেই বলতে হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় থানায় একাধিক জিডি হয়েছে। কিন্তু মালিকেরা সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করেননি। তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করা হবে।