কসবায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর এলাকায় গতকাল সোমবার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার শান্তিপুর এলাকায় রাজিব অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানার সব জায়গায় ছড়িয়ে পড়ে। পরে কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক মোনায়েম মিয়া গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ব্যবস্থাপক কুতুব উদ্দিন দাবি করেন, আগুনে প্রায় পাঁচ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। উপজেলার কুটি চৌমুহনী ফায়ার স্টেশনের একজন কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।