কসবায় কালবৈশাখীতে মৃত্যু ১, ব্যাপক ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার বিকেলে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৫টি গ্রামের কয়েক শ ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে হাজার হাজার গাছপালা। ঝড়ে কাজল বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গাছ ভেঙে কসবা-নয়নপুর সড়ক বন্ধ হয়ে গেছে।গতকাল শুক্রবার বেলা তিনটায় ঝড়ে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ, নোয়াগাঁও, কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনাসহ ২৫টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। তা ছাড়া উপজেলার বিআরডিবির সমবায় মিনি মার্কেট, অঙ্কুর প্রি-ক্যাডেট স্কুল, কসবা মহিলা দাখিল মাদ্রাসা, আকছিনা পূর্ব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনারগাঁও জিলানিয়া আলিম মাদ্রাসার ঘর উড়ে যায়।সরেজমিন ঘুরে দেখা গেছে, আকছিনা, নোয়াগাঁও, কাঞ্চনমুড়ি, মড়াপুকুরপাড়ে গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে সড়ক যোগাযোগ সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে গেছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন প্রথম আলোকে জানান, ঝড়ে কসবা থানা চত্বরে কৃষ্ণছূড়া গাছের ডাল পড়ে থানার বাবুর্চি কাজল বেগম গুরুতর আহত হন। কসবা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি কসবা সদরের তেতৈয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।সর্বশেষ জানা গেছে, এলাকার ২৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা কার্যালয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. শামীম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।