কসবায় কৃষিজমিতে ভাটা নির্মাণের পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা ও পুকুরপাড় গ্রামে আইন লঙ্ঘন করে ফসলি জমিতে ও আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণের পাঁয়তারা চলছে। এ বিষয়ে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না।
এলাকাবাসী সূত্র জানায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামের সাইফুল ইসলাম কসবা উপজেলার কুটি ইউনিয়নে আড়াই একর কৃষিজমি ইজারা নিয়ে তাতে ছয় মাস আগে ইটভাটা নির্মাণের উদ্যোগ নেন।
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মাস খানেক আগে এলাকাবাসীর অভিযোগে ইটভাটা নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। আবার কাজ শুরু করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানান, জাজিয়ারা ও পুকুরপাড় গ্রামে প্রায় এক হাজার পরিবারের বাস। পুকুরপাড় গ্রামের তিন শ ফুট দূরে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) কুটি-শিমরাইল সড়ক। এর পাশে এলজিইডির নিজস্ব অর্থায়নে নির্মিত জাজিয়ারা শ্মশানের সড়কও রয়েছে। এ সড়কের চার শ ফুটের মধ্যে প্রায় ২০ একর ফসলি জমি রয়েছে। পাশেই রয়েছে জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব বলেন, আইন অনুযায়ী ইটভাটা নির্মাণ এলাকার এক কিলোমিটারের মধ্যে আবাসিক এলাকায় কমপক্ষে ৫০টি পরিবার বাস করলে ভাটা নির্মাণ করা যাবে না। ভাটার আধা কিলোমিটারের মধ্যে এলজিইডির রাস্তা থাকতে পারবে না। এক কিলোমিটারের মধ্যে স্কুল-কলেজ থাকলে ভাটা নির্মাণ করা যাবে না।
অভিযোগকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কিছু লোককে লোভ দেখিয়ে সাইফুল ইসলাম ইটভাটার কাজ শুরু করেন। শুরুতে এপ্রিল মাসে পুকুরপাড় গ্রামের লোকজন লিখিত অভিযোগ দিলে স্থানীয় প্রশাসন কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এরপর আবার কাজ শুরু করলে একই গ্রামের ননি গোপাল দাসসহ প্রায় শতাধিক লোক গত ৫ মে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন ওরফে মুহাম্মদ রাজীবের কাছে লিখিত অভিযোগ করেন। পুকুরপাড় গ্রামের ননি গোপাল দাস বলেন, তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। ভাটা নির্মাণে বাধা দেওয়ায় তাঁদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
ইটভাটার মালিক সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনে আরও দূরে ইটভাটা নির্মাণ করা হবে। তবে যাঁরা ভাটা নির্মাণে বাধা দিচ্ছেন, তাঁরা পরে অনুতপ্ত হবেন।