কসবায় গণপিটুনিতে সাইম্যা ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আন্তজেলা ডাকাত দলের সর্দার ও সাইম্যা বাহিনীর প্রধান সায়েম মিয়া ওরফে সাইম্যা ডাকাত (৩৫) জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মপুর-তালতলা সড়কের মাঝামাঝি স্থানে কয়েক গ্রামের লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে কসবা থানার পুলিশ ওই এলাকা থেকে তাঁকে আটক করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। ওই দিন রাত সাড়ে নয়টায় সায়েম মারা যান। পুলিশ বলছে, সাইম্যা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাতসর্দার। সাইম্যার বিরুদ্ধে খুনসহ ডাকাতি, দস্যুতা, ডাকাতির চেষ্টা, দ্রুত বিচার আইনে এবং পুলিশকে মারধরসহ কসবা, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে। সাইম্যা কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। গত ৪ এপ্রিল ধর্মপুর স্কুল মাঠ এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত সাইদুলকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। তাৎক্ষণিকভাবে সাইম্যা ও তাঁর দলের লোকজন কসবা থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণলাল ঘোষকে পিটিয়ে মাথা ফাটিয়ে সাইদুলকে ছিনিয়ে নেয়। কয়েক দিন আগে ধর্মপুর গ্রামের মৃত আশব আলীর স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে। একই গ্রামের তজন আলীকেও পিটিয়ে গুরুতর আহত করে। গত বৃহস্পতিবার সাইম্যা ধর্মপুর এলাকায় এসে লোকজনের ওপর হামলা চালায়। সাইম্যার অত্যাচার সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকটি গ্রামের লোকজন জড়ো হয়ে ধর্মপুর-তালতলা সড়কের মাঝামাঝি স্থানে সাইম্যাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন সাইম্যা রাত সাড়ে নয়টায় হাসপাতালে মারা যান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, জনতার গণপিটুনিতে আন্তজেলা ডাকাত দলের সর্দার ও সাইম্যা বাহিনীর প্রধান সাইম্যা নিহত হয়েছেন।