কসবায় গৃহবধূ হত্যার ঘটনায় দুজন কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামে তাছলিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন পৌর এলাকার শাহপুর গ্রামের ফুল মিয়ার ছেলে ওসমান মিয়া ও উপজেলার খাড়েরা গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে সুমন মিয়া। তবে ওসমান খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।পুলিশ জানায়, তাছলিমার মুঠোফোনের কললিস্ট দেখে ওসমানকে গত রোববার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্য অনুসারে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সোমবার খাড়েরা গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ২২ জানুয়ারি সকালে তাছলিমার লাশ বাড়ির পাশে গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই নিহতের স্বামী রুসন আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, গতকাল ওসমান ও সুমনকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।