কসবায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরিয়ারুপ গ্রামে তাছলিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ গতকাল মঙ্গলবার বাড়ির পাশের একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।তাছলিমার পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গত সোমবার রাতে তাছলিমার সঙ্গে স্বামী রোসন টিভি দেখছিলেন। রাত ১১টার দিকে রোসন ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘুম ভেঙে দেখেন ঘরে স্ত্রী নেই। তিনি বাড়ির লোকজনকে ডেকে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে তাছলিমাকে বাড়ির পাশে একটি জমিতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়। তাছলিমার বাবা অভিযোগ করেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাড়ির জায়গা নিয়ে রোসনের ভাইদের সঙ্গে তাঁদের বিরোধ ছিল।গৃহবধূর রহস্যজনক মৃত্যু: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কায়েস্থপল্লী গ্রামের গৃহবধূ রোজিনা আক্তারের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার রাতে নিজ বাসায় লেপে মোড়ানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এলাকাবাসীর ধারণা, রোজিনাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে।