কসবায় গ্যাস সরবরাহের বিষয়ে সার্ভে করতে মন্ত্রণালয়ের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্যাস সরবরাহের বিষয়ে বিস্তারিত সার্ভে করে মন্ত্রণালয়ে দাখিল করতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম মোস্তফা কামাল স্বাক্ষরিত স্মারকে এ নির্দেশ দেওয়া হয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সম্মেলনকক্ষে কসবার সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন কমিটির নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, সচিব মেজবাহ উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান হুসেন মন্সুর, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) এলাকার সাংসদ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। সভার সিদ্ধান্ত মোতাবেক কসবায় গ্যাস সরবরাহের জন্য সার্ভে করতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে গতকাল সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।এদিকে গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় সালদা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস-সংযোগসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছে সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন কমিটি। কসবা পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।