কসবায় গ্যাসসংযোগের দাবিতে সালদা গ্যাসক্ষেত্র এলাকা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় গ্যাসসংযোগের দাবিতে সালদা গ্যাসক্ষেত্র এলাকা ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় গ্যাসসংযোগ বাস্তবায়ন পরিষদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালীন সর্বদলীয় গ্যাস বাস্তবায়ন পরিষদের নেতারা সালদা গ্যাসক্ষেত্রের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমানের মাধ্যমে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেন। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়। পরে বেলা ১১টায় প্রায় এক হাজার মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও প্রাইভেটকারযোগে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে সালদা গ্যাসক্ষেত্রে গিয়ে ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। বেলা আড়াইটা পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকে।সর্বদলীয় গ্যাসসংযোগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কসবা উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গ্যাসসংযোগ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. মনিরুল হক, গ্যাস বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ন্যাপের (মোজাফ্ফর) জ্যেষ্ঠ সহসভাপতি মো. সোলেমান খানের নেতৃত্বে ঘেরাও কর্মসূচি পালিত হয়।এ সময় গ্যাসক্ষেত্র এলাকায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি এম জি হাক্কানী, সাধারণ সম্পাদক আবু জাহের, গ্যাসসংযোগ বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্যসচিব অলিউল ইসলাম ভূঁইয়া, গোলাম আজম, এমরান, কামাল উদ্দিন প্রমুখ।সূত্র জানায়, ১৯৯৬ সালে কসবার সালদা এলাকায় গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ওই সময় স্থানীয় সর্বদলীয় গ্যাস অধিকার বাস্তবায়ন পরিষদের দাবিতে টিবিএস স্থাপিত হয়। বাস্তবায়ন পরিষদের নেতাদের সঙ্গে তৎকালীন তেল, গ্যাস ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম এলাকায় এসে বাস্তবায়ন পরিষদের ৫ দফা দাবি মানার আশ্বাস দেন। পরবর্তী সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী মোহাম্মদ নূরউদ্দীন খান গ্যাস অধিকার বাস্তবায়ন পরিষদের নেতাদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করে নীতিগতভাবে ৫ দফা দাবি মেনে নেন। কিন্তু বাস্তবে তা রূপ নেয়নি; দেওয়া হয়নি কসবায় কোনো গ্যাসসংযোগ।সর্বদলীয় গ্যাসসংযোগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কসবা উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘আমাদের গ্যাস আমাদেরই দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় গ্যাসসংযোগ দেওয়া না হয়, তত দিন এ আন্দোলন অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ২০ নভেম্বর গ্যাসসংযোগের দাবিতে কসবায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ বলেন, কসবায় গ্যাসসংযোগ না দিয়ে সালদা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস নিয়ে যেতে দেওয়া হবে না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।গ্যাসসংযোগ বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মো. মনিরুল হক বলেন, ‘আমাদের গ্যাস আমাদের না দিলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। প্রয়োজনে রেলপথ, সড়কপথ অবরোধ করে রাখা হবে।’ব্রাহ্মণবাড়িয়া জেলা ন্যাপের (মোজাফ্ফর) জ্যেষ্ঠ সহসভাপতি মো. সোলেমান খান বলেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া উভয়েই নির্বাচনী প্রচারণায় সালদা গ্যাস কসবায় সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কেউ কথা রাখেননি। সালদা গ্যাসক্ষেত্রের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তবে স্থানীয় এলাকায় গ্যাসসংযোগের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।