কসবায় জমি নিয়ে বিরোধের জেরে শিশু হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামে গত মঙ্গলবার রাতে পারভেজ মিয়া (৭) নামের এক শিশু খুন হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী একটি পরিবারের লোকেরা পারভেজকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে সাত দিন নিখোঁজ থাকার পর গত ২২ আগস্ট পারভেজের চাচাতো ভাই সবুজ মিয়ার (৪) লাশ তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে উদ্ধার করা হয়। পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, খাড়েরা গ্রামের সৌদি আরব প্রবাসী মালি মিয়ার স্ত্রী শিল্পী আক্তার মঙ্গলবার রাতে তিন ছেলেকে নিয়ে ঘুমান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান, তাঁর ছোট ছেলে পারভেজ বিছানায় নেই। তিনি ঘরের দরজা খোলা দেখতে পেয়ে চিত্কার দেন। তাঁর চিত্কারে পরিবারের অপর সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি কুয়ায় পারভেজের লাশ পাওয়া যায়।পারভেজের চাচা সোহাগ মিয়া গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বসতভিটা নিয়ে পাশের বাড়ির মৃত অহিদের পরিবারের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। এ নিয়ে গত ১০ বছরে ১০টি মামলা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘ওই বিরোধের জের ধরে আমার ছেলে সবুজকে ২২ আগস্ট এবং মঙ্গলবার রাতে আমার বড় ভাইয়ের ছেলে পারভেজকে তুলে নিয়ে খুন করা হয়।’অহিদের মেয়ে ফাতেমা বলেন, জমি নিয়ে মামলা চলছে তা সত্য। কিন্তু ওই শিশু দুটির মৃত্যুর ঘটনায় তাঁরা জড়িত নন। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ভূঁইয়া জানান, ওই ঘটনায় হত্যা মামলা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারভেজকে গলা টিপে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, ঘটনার তদন্ত চলছে।