কসবায় টর্নেডো-দুর্গতরা এখনো খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের অধিকাংশ পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্ত চার শতাধিক পরিবারের মধ্যে শতাধিক পরিবারকে ঢেউটিন দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও অর্থের অভাবে তারা ঘর নির্মাণ করতে পারছে না। ৮ মে টর্নেডোর আঘাতে নেয়ামতপুর গ্রামের সাদেক আলীর দুটি ঘর বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি। ২ বান্ডিল ঢেউটিন পেয়েছি। কিন্তু টাকা না থাকায় কাঠ কিনতে পারছি না। এ কারণে ঘরও নির্মাণ করতে পারছি না।’ একই গ্রামের ঝাড়ু মিয়া বলেন, ‘বাড়িতে চারটি ঘর ছিল। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেছে। একটি ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন পেয়েছি। কিন্তু নগদ টাকা, কাঠ আর প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ঘর নির্মাণ করতে পারিনি।’ কসবা উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, ৮ মের টর্নেডোতে ৪০০ পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ১৫৮টি পরিবারকে গত বুধবার তাৎক্ষণিকভাবে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল হোসেনের পরিবারের পক্ষ থেকে গতকাল টর্নেডো-দুর্গত ৬০টি পরিবারের মধ্যে ১২০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এর আগে সরকারিভাবে ৫০টি পরিবারের মধ্যে ১০০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। গতকাল দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে টর্নেডো-দুর্গত ব্যক্তিদের মধ্যে চাল, ডাল, আলু ও নগদ এক লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেল উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা গেছে, সাদেক আলীর মতো কয়েক শ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসে আছেন। অনেকের বাড়িতে তাঁবুও নেই। গত রোববার রাতে বৃষ্টির সময় তাঁদের ঘরের মালামাল ভিজে নষ্ট হয়ে যায়।