কসবায় ট্রাক আটকে পড়ায় ১৫ ঘণ্টা যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোলাসারে কুমিল্লা-সিলেট মহাসড়কে গত শুক্রবার রাতে দুটি ট্রাক আটকে গেলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১৫ ঘণ্টা পর গতকাল শনিবার দুপুরে যান চলাচল শুরু হলেও এরই মধ্যে সড়কের আট কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।জানা গেছে, গোলাসার এলাকায় একটি ছোট সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেখানে আরেকটি নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এ কারণে যান চলাচলের জন্য সেতুর পাশে বিকল্প একটি রাস্তা তৈরি করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে ওই বিকল্প রাস্তার ওপর বিকল হয়ে পড়ে সিলেট থেকে চট্টগ্রামগামী বালুভর্তি একটি ট্রাক। ওই ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী কয়লাভর্তি অন্য একটি ট্রাকের চাকা মাটিতে দেবে যায়। এরপর ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বেলা দুইটার দিকে রেকার দিয়ে আটকে পড়া ট্রাকটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল আবার শুরু হয়। কিন্তু এরই মধ্যে সেতুর দুই পাশে আটকে পড়ে কয়েক শ যানবাহন। ফলে সেতুর দুই দিকে প্রায় আট কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। কয়লাভর্তি ট্রাকটির চালক আবদুর রহিম জানিয়েছেন, রাতে ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন সেটটি ছিনিয়ে নিয়ে গেছে।কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধনকান্তি চৌধুরী প্রথম আলোকে জানান, রেকার দিয়ে আটকে পড়া ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বেলা দুইটার দিকে যান চলাচল শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ট্রাকচালকেরা অতিরিক্ত মালামাল বহন করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।