কসবায় ট্রেনের গার্ডের কক্ষে ডাকাতি, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশন এলাকায় গতকাল রোববার আন্তনগর ট্রেন উপকূল এক্সেপ্রেসের গার্ডের কক্ষে ডাকাতি হয়েছে। ডাকাতেরা গার্ড আবুল হাসেম খানসহ তিনজনকে ছুরি দিয়ে জখম করে। রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা সাতটা ২০ মিনিটে কসবা রেলস্টেশন ত্যাগ করে। ট্রেনটি মন্দভাগ রেলস্টেশনে পৌঁছালে একদল ডাকাত ট্রেনের ছাদ থেকে গার্ডের কক্ষে প্রবেশ করে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আবুল হাসেম খান ও দুই যাত্রী গুরুতর আহত হন। ডাকাতেরা গার্ডের মুঠোফোন ও যাত্রীদের কাছ থেকে চার হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। আবুল হাসেম খান কক্ষ থেকে ভ্যাকুয়াম ছেড়ে মন্দভাগ রেলস্টেশনে থামান। পালিয়ে যায় ডাকাতেরা। আহত তিনজনের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে রেলস্টেশন এলাকায় স্থানীয় চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। স্থানীয় চিকিৎসক আলমগীর হোসেন বলেন, ডাকাতদের ছুরিকাঘাতে ট্রেনের গার্ডের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে। দুই যাত্রীর মাথা ও পিঠে ছুরির প্রচণ্ড আঘাত রয়েছে।মন্দভাগ রেলস্টেশনের সহকারী মাস্টার খলিলুর রহমান মণ্ডল বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের আগেই ডাকাতির ঘটনা ঘটে। গার্ডসহ আহত তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর ট্রেনটি ছেড়ে যায়। ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ের আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, ‘ট্রেনে চালক ও গার্ডের কক্ষে বিনা টিকেটে যাত্রী তোলে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে তাদের সঙ্গে রেলওয়ে পুলিশের বাগিবতণ্ডা হয়েছে।’ তিনি বলেন, চালক ও গার্ডের কক্ষে পুলিশের কোনো লোকজন দায়িত্বে থাকে না।