কসবায় ট্রেনের বগি বিচ্ছিন্ন, দেড় ঘণ্টা চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সোমবার বিকেলে চলন্ত অবস্থায় একটি ট্রেনের দুটি বগি আলাদা হয়ে যায়। এতে চারটি রেলপথে দেড় ঘণ্টা সব ট্রেন চলাচল বন্ধ থাকে।
চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ ও কসবা রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ছয়টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কসবা রেলস্টেশন অতিক্রম করে। এর কয়েক মিনিট পরেই মন্দভাগ এলাকায় চলন্ত অবস্থায় এর দুটি বগি আলাদা হয়ে যায়।
একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কসবা রেলস্টেশনের মাস্টার এস এম আসাদুজ্জামান বলেন, কসবা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে হাওয়াজনিত কারণে ট্রেনের দুটি বগি আলাদা হয়ে গেছে। মেরামত করে দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।