কসবায় ডাকাতি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঈশাননগর গ্রামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ফেরদৌস মিয়ার বাড়িতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।

ডাকাতেরা দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবারটি। তারা কুপিয়ে ও পিটিয়ে ফেরদৌস মিয়া ও তাঁর বাবা আবদুল খালেককে গুরুতর জখম করেছে।

ফেরদৌস মিয়ার ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাড়ির ছাদের দরজা ভেঙে ১০-১২ জন ডাকাত ঘরে প্রবেশ করে। তারা ফেরদৌস মিয়াকে দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর বাবা আবদুল খালেক চিত্কার করলে তাঁকেও পিটিয়ে হাত ভেঙে দেয় ডাকাতেরা। তারা দুই লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে পরিবারটির দাবি।

খবর পেয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোকাদ্দছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের কসবার কুটি চৌমুহনী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন।

মো. মোকাদ্দছ মিয়া জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।