কসবায় তরুণ খুন, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের রাউৎখলা গ্রামে গতকাল রোববার ইসমাইল হোসেন (২৫) নামের এক তরুণ খুন হয়েছেন। ইসমাইল হোসেন রাউৎখলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, নিহত ইসমাইলের বুকে ধারালো দায়ের কোপ রয়েছে। এ ঘটনায় তাঁর মা তাজমহল বাদী হয়ে একই গ্রামের আলী আহামঞ্চদকে (৩০) প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, ইসমাইল হোসেন পেশায় নির্মাণশ্রমিক। বোরো মৌসুমে নিজস্ব সেচযন্ত্র দিয়ে নিজের জমিসহ অন্যের জমিতে পানি দেন। প্রতিদিনের মতো গতকাল ভোরে বাড়ির পাশে সেচযন্ত্রের কাছে যান। ওই সময় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বাদানুবাদের একপর্যায়ে একই গ্রামের আনু মিয়ার ছেলে আলী আহামঞ্চদসহ কয়েকজন তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ইসমাইল হোসেনের বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত আলী আহামঞ্চদের বাড়ি গিয়ে দেখা গেছে, নারীসহ বাড়ির সবাই পালিয়েছে।