কসবায় দুই দিনে আট বাড়িতে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত দুই দিনে আট বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে গেছে। ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শিশু মিয়ার বাড়িতে গত রোববার রাতে ২০-২৫ জন ডাকাত লোহার ফটক ভেঙে ঘরে ঢোকে। এ সময় ডাকাতেরা গৃহকর্তা ও তাঁর পরিবারের লোকজনকে বেঁধে চার ভরি স্বর্ণালংকার, নগদ ১৬ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। একই রাতে তারা শিশু মিয়ার বাড়ির ভাড়াটে কহিনুর বেগমের ঘর থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তারা কহিনুরকে মারধর করে। একই রাতে পৌর এলাকার মরা পুকুরপাড় গ্রামের বাবুল মিয়ার বাড়িতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে।
গত শনিবার রাতে বিলঘর গ্রামের ওমানপ্রবাসী আল-আমিন মিয়ার বাড়ির ঘরের দরজা ভেঙে একদল ডাকাত নগদ সাড়ে চার লাখ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন সেট ও একটি কম্বল লুট করে নিয়ে যায়। একই রাতে পানিয়ারূপ গ্রামে ইতালিপ্রবাসী মুতি মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল ওই বাড়ি থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ৩৮ হাজার টাকা ও সাতটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। ওই রাতে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও চিকিৎসক ফুরকান আহামঞ্চদ ভূঁইয়ার বাড়িতে এবং একই গ্রামের মনা মিয়ার বাড়িতেও ডাকাতি হয়েছে।