কসবায় নারী ইউপি সদস্যকে পেটালেন অন্য সদস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধের জের ধরে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য এক নারী সদস্যকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এই ঘটনা ঘটে।
আহত নারী সদস্যের নাম নার্গিস আক্তার (৪০)। তিনি কায়েমপুর ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫ ও ৬ নম্বর) ওয়ার্ডের সদস্য। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার দুপুরে কায়েমপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে কসবা থানায় মামলা করেছেন।
মামলার এজাহার, পুলিশ, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় কায়েমপুর ইউনিয়নের ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে কায়েমপুর বাজারে সুমন মিয়ার সঙ্গে নার্গিস আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ও তাঁর লোকজন নার্গিসকে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে আহত করে।
সুমন মিয়া দাবি করেন, নার্গিস আক্তারের সঙ্গে তাঁর কোনো গন্ডগোল বা ঝগড়া হয়নি তবে তাঁর ছোট ভাই রাকিবের সঙ্গে কথা-কাটাকাটি ও একটু গন্ডগোল হয়েছে।