কসবায় নির্যাতনের শিকার গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামে গত শুক্রবার স্বপ্না আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা হয়েছে। একই দিনে নীলফামারীর সৈয়দপুর শহরের রসুলপুর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে।কসবা: মামলার এজাহার সূত্রে জানা যায়, আট মাস আগে কসবার বেলতলী গ্রামের স্বপ্নার সঙ্গে জাজিসার গ্রামের আবু ছালামের বিয়ে হয়। বিয়ের তিন থেকে চার মাস পর থেকে ছালাম ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের জন্য স্বপ্নাকে চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে যৌতুকের দাবিতে স্বপ্নার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়। এরপরও গত শুক্রবার সন্ধ্যায় ছালাম স্বপ্নাকে তাঁর বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক আনতে বলেন। স্বপ্না এতে অস্বীকৃতি জানালে ছালাম ও তাঁর পরিবারের সদস্যরা তিরস্কার করেন। মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ শুক্রবার রাতে তাঁর লাশ উদ্ধার করে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, স্বপ্নার বাবা আলী আশব তাঁর স্বামীসহ কয়েকজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সৈয়দপুর: সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালে সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার আফরোজা আকতারের সঙ্গে হাজী কলোনির আনিছুর রহমানের বিয়ে হয়। আফরোজার অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন সময় আনিছুর তাঁর কাছ থেকে যৌতুক দাবি করেন। শুক্রবার রাতেও যৌতুক দাবি করলে তিনি প্রতিবাদ করেন। এরপর আনিছুর তাঁর ওপর নির্যাতন শুরু করেন। তাঁর মুখে কাপড় গুঁজে খাটের সঙ্গে বেঁধে কাঠ দিয়ে প্রচণ্ড মারধর করেন। এতে তাঁর ডান হাতসহ হাতের আঙুল ও মাথা জখম হয়।প্রতিবেশীরা জানান, গতকাল শনিবার সকালে তাঁরা আফরোজাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্কুলছাত্রীর লাশ উদ্ধার: সৈয়দপুরের শ্বাসকান্দর তালতলা পাড়া এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় মাসুমা (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।