কসবায় পাহাড় কাটায় মামলা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাহাড় কাটার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বায়েক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুল আলম গত বুধবার রাতে কসবা থানায় মামলা করেন। পুলিশ এ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের মো. মোতাহের হোসেন (৫০), মো. ছাদেক মিয়া (২৬), ধোপাখলা গ্রামের মো. আবদুল বারেক (৪৭), মো. আবদুল খালেক (৫২) ও মো. নোয়াব আলী (৪৫)। গত বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে। পাহাড় কাটার ঘটনায় মামলা হলেও যাঁর পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিক মারা গেলেন, সেই পাহাড় মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি ভূমি কর্মকর্তা।
এ বিষয়ে বায়েক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই ঘটনাটি ভুলক্রমে বাদ পড়েছে। তবে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে শ্রমিক মারা যাওয়ার বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে বায়েক এলাকায় কেউ পাহাড় কাটছেন না।
পাহাড় কাটার ঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মাদলা ও ধোপাখলা গ্রামের মোতাহের হোসেন, কুদ্দুছুর রহমান, জামাল মিয়া, সাদেক মিয়া, মোহন মিয়া, মনির মিয়া, বারেক মিয়া, আবদুল খালেক, নোয়াব মিয়া, সাইফুল মিয়া, জাকির হোসেন, ইউসুফ মিয়াসহ অনেকে মাদলা মৌজার ১ নম্বর দাগের এবং কাশিরামপুর মৌজার ৫৮৫ নম্বর দাগের পাহাড় কেটেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ১৯৫২ সালের ১২ (১) ধারায় মামলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের মফিজুল ইসলামের পাহাড় কাটতে গিয়ে ফারুক আহাম্মদ (২০) নামের এক শ্রমিক মারা যান। ফারুক উপজেলার সপ্তাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। এ নিয়ে ২৯ এপ্রিল প্রথম আলোয় ‘ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা, অবাধে চলছে পাহাড় কাটা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পূর্বানুমতি না নিয়ে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে হওয়া মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গত বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বলেন, পাহাড় কাটা বন্ধ রয়েছে। যাঁরা আগে পাহাড় কেটেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কেউ মামলা থেকে বাদ পড়ে গেলে পুলিশ তদন্ত করে বের করবে।