কসবায় পুকুর থেকে লাশ উদ্ধার, ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নুরু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গতকালই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আর জাকিরকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, দীর্ঘ দিন ধরে নুরু মিয়া (৫৫) ও জাকির হোসেন (৪০) এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তবে কিছু দিন ধরে ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। গত বুধবার বিকেলে নুরু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান জাকির হোসেন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল দুপুরে হাজীপুর গ্রামের পুকুরে নুরু মিয়ার লাশ পাওয়া যায়।নুরু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমি ইউপি সদস্য জাকির হোসেনসহ তিনজনকে আসামি করে মামলা করেছি।’ কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, নুরু মিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে।