কসবায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শুক্রবার পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। কসবা পৌর এলাকা ও পার্শ্ববর্তী গ্রামে এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের বাসিন্দা মোসলেম মিয়ার ছেলে সোহাগ মিয়া (২) পুকুরে ডুবে যায়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুরে পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে পাখি আক্তার (৩) এবং বিকেলে পৌর এলাকার খাড়পাড়া গ্রামে মনা মিয়ার বাড়িতে বেড়াতে আসা তাঁর নাতনি ছাবু আক্তার (৩) পুকুরে ডুবে যায়। অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সকেরা তাদেরও মৃত ঘোষণা করেন। ছাবু আক্তার ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর গ্রামের রহিম মিয়ার মেয়ে।