কসবায় পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ-মনকাশাই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে একজন গুরুতর আহত হন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আদিত্যের নেতৃত্বে পাঁচ সদস্যের পুলিশের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ১০-১২ জন ডাকাত বিদেশি যাত্রী মনে করে রাস্তার ওপর গাছ ফেলে গাড়িটি থামায়। একপর্যায়ে সশস্ত্র ডাকাতেরা পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করে। পুলিশও ডাকাতদের লক্ষ্য করে পিস্তলের চারটি গুলি ছোড়ে। এতে কাউছার মিয়া নামের একজন আহত হন এবং অন্যরা পালিয়ে যান। পরে কাউছারকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং গতকাল শুক্রবার বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া কাউছারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।