ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গৃহবধূ সাহিদা আক্তারের আত্মহত্যার ঘটনায় করা মামলায় পুলিশের ভূমিকার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সদরে এ মানববন্ধন হয়। পরে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ, এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের চড়নাল (মিরাপুকুরপাড়) গ্রামের সাহিদা আক্তারের সঙ্গে বছর খানেক আগে উপজেলার কাইমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জয়দুল হোসেনের ছেলে পুলিশ কনস্টেবল মো. জামাল মিয়ার বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে দেড় লাখেরও বেশি টাকাসহ আসবাবপত্র দেওয়া হয়। কিন্তু তার পরও যৌতুকের জন্য সাহিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ অবস্থায় ২২ মার্চ রাতে সাহিদা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই দিনই সাহিদার মা হনুফা বেগম মেয়ের জামাই জামাল মিয়া, শ্বশুর জয়দুল হোসেনসহ চারজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। হনুফা বেগম অভিযোগ করেন, পুলিশ আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে কাউকে গ্রেপ্তার করছে না। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন বলেন, লাশের ময়নাতদন্তে আত্মহত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে আত্মহত্যায় কেউ প্ররোচনা দিয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেন।