কসবায় বজ্রপাতে দুজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ সোমবার বিকেল তিনটার দিকে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার কেবলাই গ্রামের আতর আলীর ছেলে আবদুল গফুর (৫০), একই গ্রামের ধন মিয়ার পুত্র আবদুল হামিদ (৫০)। তাঁরা শ্রমিক হিসেবে কাজ করতেন।
বজ্রপাতে আহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নমসানিয়া গ্রামের সামসুদ্দিন মিয়ার পুত্র মরম আলী (৪০), একই উপজেলার শামাসানিয়া গ্রামের তাহের আলীর পুত্র সাইদুর রহমান (৩২), কসবা উপজেলার গুরুহিত গ্রামের তাহের মিয়ার পুত্র আমিরুল (৩৫) ও তাঁর ছেলে শাহাবুদ্দিন (৩)। তাঁদের মধ্যে শাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি তিনজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম হাসপাতালে নিহত ও আহত ব্যক্তিদের দেখতে যান। এ সময় ইউএনওর উপস্থিতিতে নিহত দুজনের লাশ হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের কয়েকজন শ্রমিক বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের বাদল মিয়ার বাড়িতে থেকে কাজ করতেন। আজ বিকেলে ওই শ্রমিকেরা জমির ধান মাড়াইয়ের কাজ করছিলেন। বিকেল তিনটায় দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাত হলে গফুর, হামিদ, মরম, সাইদুর, আমিরুল, ও শাহাবুদ্দিন আহত হন। তাঁদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা গফুর ও হামিদকে মৃত ঘোষণা করেন।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মামুনুর রহমান বলেন, শাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুমিল্লায় পাঠানো হয়েছে।