কসবায় বাজার ইজারার সেই দরপত্র বাতিল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার বাজার ইজারার দরপত্র সিলমোহরযুক্ত না থাকায় গতকাল রোববার বাতিল করেছেন পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ।
দরপত্র মূল্যায়ন কমিটির পুনরায় দরপত্র আহ্বানের সুপারিশের পর পৌর মেয়র ওই দরপত্র বাতিল করেন।
এর আগে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দরপত্রের খাম খুলে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল। এ নিয়ে থানায় এক ঠিকাদার মামলা করতে গেলে পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেয়।
জিডি সূত্রে জানা গেছে, পৌরসভার পুরাতন বাজার ও অটোরিকশাস্ট্যান্ড বাংলা ১৪২২ সাল থেকে এক বছরের ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। গত সোমবার দরপত্র দাখিলের শেষ দিন ছিল।
সেই দিন সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের বিরুদ্ধে দরপত্রের খাম খুলে অন্যকে তথ্য জানিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে ঠিকাদার কামাল উদ্দিন দরপত্র বাতিল করে প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার মেয়রের কাছে অভিযোগ করেন।
দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ জানান, শিডিউল সিলগালা করে বাক্সে ফেলার কথা থাকলেও কোনোটিই সিলগালা করা হয়নি।
এ নিয়ে গতকাল বেলা ১১টার দিকে দরপত্র মূল্যায়ন কমিটি পৌরসভার সম্মেলন কক্ষে বৈঠক করে। এ সময় কমিটি দরপত্রটি বাতিল করে নতুন দরপত্র আহ্বানের সুপারিশ করে।
বৈঠকে সোহেল আহমেদ ছাড়াও সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, কাউন্সিলর মো. জসিম উদ্দিন আহাম্মদ, মহিলা কাউন্সিলর মাহমুদা জাহান, পৌরসভার সচিব আয়েশা বেগম, উপসহকারী প্রকৌশলী মো. সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ জানান, দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ পাওয়ার পর ওই দরপত্র বাতিল করা হয়েছে।
গত বুধবার প্রথম আলোয় ‘পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।