কসবায় বাস পুকুরে, নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবার পৌর এলাকায় গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাস ভাঙা রাস্তা পার হওয়ার সময় চাকা ফেটে উল্টে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দিগন্ত পরিবহনের ওই বাসটি আশুগঞ্জের উদ্দেশে কসবার নয়নপুর থেকে ছেড়ে আসে। বাসটির ছাদে ও ভেতরে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিল। কসবা-কুটি চৌমুহনী সড়কের শাহপুর নামক স্থানে পৌঁছালে ভাঙা রাস্তায় পড়ে বাসটির চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের একটি পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় বাসের চাকার নিচ থেকে চারজনের লাশ উদ্ধার করে। এর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের আনু মেম্বারের ছেলে আকরাম (১৫) ও নোয়াব মিয়ার ছেলে শাহিন মিয়া (১৪), একই উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আরিফ মিয়া (২০)। এ ছাড়া গুরুতর আহত আবুল ফয়েজ (৫৫), রিপন (১২), রাসেল (১২), মারুফা বেগম (৪০), অলি মিয়া (৪০), ছুনিয়া (১৮), ডলি (১০) ও আনোয়ারা বেগমকে (৪৫) উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আবুল ফয়েজ ও রিপনকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর বাসযাত্রী কসবার শিকাপুর গ্রামের ওয়াদুদ মিয়া জানান, বাসটি ভাঙা রাস্তা পার হওয়ার সময় হঠাৎ বাঁ দিকের চাকা ফেটে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল বারেক জানান, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় এর চেয়ে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে । কসবার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ বলেন, বাসের নিচে আরও লাশ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।