কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাতুড়াবাড়ী গ্রামে গত বৃহস্পতিবার রাতে মনির হোসেন (২৭) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে হাতুড়াবাড়ী গ্রামের রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।মনির উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ী গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। এ ঘটনায় মনিরের ভাই বজলুর রহমান বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ মামলার অন্যতম আসামি আশরাফুলকে (২২) গ্রেপ্তার করেছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মনির তাঁর স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে হাতুড়াবাড়ী গ্রামের আশরাফুল, রাজুসহ কয়েকজন মনিরকে ডেকে নেন। রাত পোহালেও তিনি বাড়িতে ফেরেননি। সকালে তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম ঘটনাটি বাড়ির লোকজনকে জানান।গতকাল ভোরে হাতুড়াবাড়ী গ্রামের রাস্তার পাশে মনিরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।গ্রেপ্তার হওয়া আশরাফুলের মা আবেদা বেগম বলেন, হত্যাকাণ্ডে তাঁর ছেলে জড়িত নন।কসবা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে দেখা গেছে, মনিরের শরীরে ছুরির আঘাত রয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, টাকা-পয়সা নিয়ে বন্ধুদের সঙ্গে মনিরের শত্রুতা ছিল। এর জের ধরে হত্যাকাণ্ড হতে পারে। গ্রেপ্তার হওয়া আশরাফুলকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।