কসবায় বাড়িতে ঢুকে গুলি, মা-ছেলে আহত টাকা ও স্বর্ণ লুট
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে গত রোববার গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তাদের গুলিতে আলমগীরের ছেলে এসএসসি পরীক্ষার্থী আরমান হোসেন (১৬) ও স্ত্রী রুবি আক্তার (৩৫) আহত হন। এ সময় সন্ত্রাসীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।গুলিবিদ্ধ আরমান ও তার মা রুবি আক্তারকে গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিবার, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত একটার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা আরমানকে নিয়ে তার বাবা আলমগীরের কক্ষে যায়। তারা হাত-পা বেঁধে গৃহকর্তাকে নির্যাতন চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা আরমান ও তার মাকে লক্ষ্য করে গুলি চালায়। তারা ৮৬ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। কুমিল্লা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, গুলিবিদ্ধ মা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক।