কসবায় বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার বিকেলে একই মঞ্চে বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল সন্ধ্যায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। জানা গেছে, ক্ষমতাসীন দলের টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ছানাউল্লাহ হত্যাকাণ্ড, সিরাজগঞ্জে ট্রেনে চাপা দিয়ে বিএনপির কর্মীদের হত্যা ও খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্যোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সহযোগী সংগঠন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে কসবা মুক্তমঞ্চে সমাবেশ আহ্বান করে। একই দিন, একই সময়ে বাংলাদেশ ছাত্রলীগও ওই স্থানে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে ও খালোদা জিয়ার অপরাজনীতির প্রতিবাদে সমাবেশ ডাকে। এ পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম ও কসবা উপজেলা নির্বাহী কর্মর্কর্তা (ইউএনও) আহমেদ কবীর গতকাল সন্ধ্যা সোয়া সাতটায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।কসবা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করায় কসবা উপজেলা বিএনপি গতকাল বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পুলিশের বাধার মুখে ওই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ মুশফিকুর রহমান।