কসবায় বিএনপি-পুলিশ সংঘর্ষ ও গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আল-আমিনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে কসবা পৌর এলাকার বিশারাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ নিয়ে কসবায় গত ২৮ এপ্রিল বিএনপি-পুলিশ সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি মামলায় পুলিশ বিএনপি ও জামায়াতের মোট আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত ২৮ এপ্রিল বিকেলে প্রায় দুই হাজার নেতা-কর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছয় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এ ছাড়া ভাঙচুর করা হয় গাড়ি। এ ঘটনায় গত ২৯ এপ্রিল গভীর রাতে কসবা উপজেলার কুটি ইউনিয়নের শরৎনগর গ্রামের কুদ্দুছ মিয়া বাদী হয়ে পৌর মেয়র, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ ইলিয়াছসহ বিএনপির অজ্ঞাতনামা চার-পাঁচ শ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করে।