কসবায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল বিকেলে বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন। সেখানে উপজেলা বিএনপির সভাপতি ও কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশ শেষে মুহাম্মদ ইলিয়াছ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকলিল আজমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বের হওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ দৌড়ে থানায় চলে যায়। এ অবস্থায় বিক্ষোভকারীরা থানায় গিয়ে পুলিশের ওপর হামলা চালান। পুলিশ তখন শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম বলেন, বিএনপির মিছিলে বাধা দিলে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে তাঁদের কয়েকজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, বিএনপি বিক্ষোভ মিছিল থেকে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালালে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।