কসবায় বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলের সামনে মাকে হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও মিছিল করা হয়েছে। উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর কসবা উপজেলার জগন্নাথপুর আমতলী গ্রামের রেজিয়া বেগমকে (৪০) তাঁর ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা রেজিয়ার ছেলে মাসুক মিয়াকে (১২) রশি দিয়ে বেঁধে রাখে। এ ঘটনায় রেজিয়ার বড় ভাই আবুল খায়ের বাদী হয়ে রেজিয়ার প্রতিবেশী আল-আমিনকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। পরে পুলিশ আল-আমিন পাঠান (২৫) ও জান্নাত মিয়া (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে।

কসবা থানার এসআই মো. সাইদুর রহমান বলেন, মামলার প্রধান আসামি আল-আমিন পাঠান ১৬৪ ধারায় জবানবন্দিতে এ খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রাজিয়ার ঘরে থাকা গরু বিক্রির ২৫ হাজার টাকা লুট করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন শুরু হয়। এতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর-আমতলী, ব্রাহ্মণমোড়া, গোসাইস্থল, নোয়ামুড়া ও বাড়াই গ্রামের কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। পরে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি জগন্নাথপুর ও আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে আবার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।