কসবায় বিদ্যুতের দাবিতে ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদ্যুতের দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনগণ।পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দুইটা থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় সন্ধ্যায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের আসবাব, টেলিভিশন, টেলিফোন সেট ভাঙচুর করে। এ সময় কার্যালয়ে থাকা সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রকৌশলী নুর মোহাম্মদকেও নাজেহাল করে তারা। পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নুর মোহাম্মদ কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন।এদিকে বিদ্যুতের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাহবুবুল আলম চৌধুরীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে কসবা প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজ-এর কসবা প্রতিনিধি মো. সোলেমান খানকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই সাংবাদিক কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহবুবুল আলম চৌধুরী মুঠোফোনে জানান, দুপুর দুইটা থেকে বিদ্যুৎ নেই। কোথায় সমস্যা তা শনাক্ত করার চেষ্টা চলছে। বিক্ষুব্ধ কয়েজন ছেলে গিয়ে কার্যালয়ে ভাঙচুর করেছে। তিনি এলাকায় না থাকায় এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করতে পারেননি বলে জানান। তবে তাঁর বিরুদ্ধে প্রেসক্লাবের সভাপতির আনা অভিযোগ অস্বীকার করেছেন।