কসবায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ওই নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। কসবা পুরাতন বাজারের কার্যালয়ের সামনে থেকে পাঁচ শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ব্যবসায়ীরা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ফুল মিয়া মাস্টারের নেতৃত্বে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীরের কাছে স্মারকলিপি দেন। ব্যবসায়ী কমিটি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ২৬ মার্চ কসবা পৌর এলাকার তেতৈয়া ও মড়াপুকুরপাড় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হুদা ও কসবা পৌর কাউন্সিলর মো. কামাল উদ্দিন সরকারকে আসামি করে প্রতিপক্ষ থানায় মামলা করে।