কসবায় মসজিদের ইমাম খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়া মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াছিন আলীকে (৫৫) গত মঙ্গলবার রাতে শ্বাসরোধে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ওই মসজিদের পাশের ডোবায় এলাকাবাসী তাঁর লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। মসজিদের পরিচালনা পর্ষদ সূত্র জানায়, সদর উপজেলার মজলিশপুর গ্রামের ইয়াছিন আলীকে তিন মাস আগে ওই মসজিদে দুই হাজার ৫০০ টাকা বেতনে ইমাম পদে নিয়োগ দেওয়া হয়। তিনি রাতে মসজিদেই ঘুমাতেন। গত দুই সপ্তাহ আগে ওই মসজিদে কুমিল্লার লাঙ্গলকোট এলাকার ওসমান গনিকে মোয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনিও ইমামের সঙ্গে মসজিদে থাকতেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, প্রতি দিনের মতো মঙ্গলবার রাতে ইমাম ও মোয়াজ্জিন এশার নামাজ শেষে একত্রে ঘুমাতে যান। গতকাল ফজর নামাজের জন্য মুসল্লিরা মসজিদে গেলে ইমাম ও মোয়াজ্জিনকে খুঁজে পাননি। তাঁরা ইমামের বিছানায় রক্ত দেখতে পান। পরে খুঁজতে খুঁজতে ইমামকে মসজিদের পাশের ডোবায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া বলেন, তাঁর দুটি চোখে অস্ত্রের আঘাত রয়েছে এবং নাক ও মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইয়াছিন আলীকে শ্বাসরোধে হত্যা করেছে।