কসবায় মাইক্রোবাসে গৃহবধূ গণধর্ষণের শিকার!
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত শুক্রবার রাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় গতকাল শনিবার সকালে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে কসবা থানায় মামলা হয়েছে৷
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই গৃহবধূর (২৭) স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়৷ ঢাকায় কর্মসূত্রে একই উপজেলার কোনাপুর গ্রামের জহিরুল হক (৩৫) ও নোয়াগাঁও গ্রামের ফারুক মিয়ার (৩৭) সঙ্গে তাঁর স্বামীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে৷ একপর্যায়ে জহিরুল ওই গৃহবধূকে জানান, তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ এবং স্ত্রীকে দেখভালের জন্য ওই গৃহবধূর সহযোগিতা চান৷ গত শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূকে নিয়ে ঢাকায় আসার কথা বলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকা থেকে মাইক্রোবাসে ওঠেন জহিরুল৷ এ সময় ফারুকও ছিলেন৷ কিন্তু মাইক্রোবাসটি ঢাকা নয়, কুমিল্লার দিকে যেতে থাকে৷ একপর্যায়ে গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়৷ বাধা দিলে তাঁকে মারধরও করা হয়৷ পরে মাইক্রোবাসে আরও দুজন অপরিচিত লোক ওঠে৷ তারা নির্জন এলাকায় নিয়ে গৃহবধূকে গণধর্ষণ করে৷ রাত ১০টার দিকে তাঁকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কসবা উপজেলার তিনলাপীর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ফেলে যায় তারা৷ পুলিশ সেখান থেকে ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়৷
গতকাল বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ প্রথম আলোকে বলেন, একসময় তাঁর স্বামী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বেকারির মালামাল বিক্রি করতেন৷ জহিরুল ও ফারুকও সেখানে একই কাজ করতেন৷ এই সুবাদে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়৷ গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়া শহরে তাঁর মায়ের সঙ্গে থাকতেন৷ মাঝেমধ্যে ঢাকায় স্বামীর কাছে যেতেন৷ এর একপর্যায়ে জহিরুল ও ফারুকের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা হয়৷ তাঁর স্বামী একটি মামলায় দুই বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে রয়েছেন৷ জহিরুল ও ফারুক প্রায়ই কারাগারে গিয়ে তাঁর স্বামীর সঙ্গে দেখা করতেন৷ ওই গৃহবধূর সঙ্গেও যোগাযোগ করতেন৷ শুক্রবার জহিরুলের স্ত্রী গুরুতর অসুস্থ বলে জানান৷ পরে তাঁকে ঢাকায় স্ত্রীর একটু দেখভালের জন্য অনুরোধ করেন জহিরুল৷ তাঁকে ঢাকায় নিয়ে যেতে কারাগারে গিয়ে তাঁর স্বামীর কাছেও অনুমতি নেন৷ পূর্ব পরিচয়ের এই সুযোগ নিয়ে পরে তাঁকে মাইক্রোবাসে নিয়ে গিয়ে গণর্ধষণ করা হয় বলে অভিযোগ করেন গৃহবধূ৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন৷
গৃহবধূকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধারের সত্যতা জানিয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আহাদুজ্জামান বলেন, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকালই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়৷ এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে জহিরুল, ফারুকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন৷ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷