ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় সালদা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সংযোগের দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। পরে এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। এ সময় কসবা পৌর শহরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা পৌর মুক্তমঞ্চে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম প্রমুখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বলেন, গ্যাস সংযোগের দাবিতে গাড়ি আটকের পর স্থানীয় সাংসদ মোহাম্মদ শাহ আলম ও তাঁর সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান যোগাযোগ করেছেন। তিনি তাঁদের গ্যাস দেওয়ার আশ্বাস দিয়েছেন। যে পর্যন্ত গ্যাস সংযোগ না হবে সেই পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।