কসবায় মানববন্ধন কুমিল্লায় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংযোগের দাবিতে ১৩ জুন সালদা গ্যাসক্ষেত্র এলাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত-কাল বৃহম্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের কসবা-রেলস্টেশন সড়কে সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদ আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়।এদিকে একই দাবিতে গতকাল কুমিল্লার চাঁপাপুরে অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দপ্তর ঘেরাও করেছেন ঠিকাদারেরা।গতকাল সকালে কসবা উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং বাজারের ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলে।কসবা সর্বদলীয় গ্যাস বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সদস্যসচিব ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল হক ও কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান।বক্তারা বলেন, ১৩ জুন বৃহস্পতিবার সালদা গ্যাসক্ষেত্র এলাকা ঘেরাও করা হবে। সেদিন তীব্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জানা যায়, কসবায় গ্যাস-সংযোগ দিতে জরিপ করার জন্য মন্ত্রণালয় পেট্রো-বাংলাকে নির্দেশ দেয়। এর প্রায় দেড় বছর অতিক্রম হয়েছে। কিন্তু গ্যাস -সংযোগ দেওয়া হয়নি।প্রসঙ্গত, সালদা গ্যাসক্ষেত্র থেকে কসবায় গ্যাস-সংযোগের দাবিতে ২০১১ সালের ১৭ নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন কমিটি।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে প্রায় ৫০ জন ঠিকাদার বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লার চাঁপাপুরে অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দপ্তরের সামনে অবস্থান নেন। ওই সময়ে ঠিকাদারেরা দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে স্লোগান দেন। উদ্ভূত পরিস্থিতিতে এমডির সঙ্গে ঠিকাদারদের বৈঠক হয়। বৈঠকে আগামী এক সপ্তাহের মধ্যে গ্যাস-সংযোগের আশ্বাস দেওয়া হলে ঠিকাদারেরা কর্মসূচি স্থগিত করেন।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম সরকার বলেন, বাসা-বাড়িতে গ্যাস-সংযোগের জন্য প্রতিদিনই বাখরাবাদে ভিড় জমাচ্ছেন গ্রাহকেরা। কিন্তু কর্তৃপক্ষ ডিমান্ড নোট না দেওয়ার কারণে গ্যাস-সংযোগ চালু করা হচ্ছে না। তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে নতুন গ্যাস সংযোগের আশ্বাস দেওয়ায় আমরা আন্দোলন স্থগিত করি।’বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান বলেন, নথিপত্র দেখতে সময় লাগায় কিছুটা বিলম্ব হচ্ছে। শিগগিরই গ্যাস-সংযোগ দেওয়া হবে।