কসবায় যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুদ্দুছ মিয়া (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামে গত মঙ্গলবার বিকেলে তাঁকে প্রকাশ্যে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই তিনি মারা যান।এ ঘটনায় কুদ্দুছের স্ত্রী রিপা আক্তার বাদী হয়ে কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে বায়েক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে হুকুমের আসামি এবং স্থানীয় মফিজ উদ্দিনসহ মোট ১৭ জনের নাম উল্লেখ করা হয়। ময়নাতদন্ত শেষে কুদ্দুছ মিয়ার লাশ গতকাল বুধবার সকালে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, কোল্লাপাথর গ্রামের বাসিন্দা কুদ্দুছ মিয়া আশপাশের বিভিন্ন এলাকা থেকে গাছ কেটে বিক্রি করতেন। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে বাগিবতণ্ডার ঘটনায় মফিজ উদ্দিন গত ১৭ মে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গাছ উদ্ধারের জন্য মফিজ উদ্দিনের লোকজন গত মঙ্গলবার বিকেলে কুদ্দুছ মিয়ার বাড়িতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় মফিজের লোকজন কুদ্দুছ মিয়াকে মারধর করে বায়েক ইউপি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কুদ্দুছ মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত নয়টায় কুদ্দুছের মৃত্যু হয়।অভিযোগের ব্যাপারে মফিজ উদ্দিন বলেন, কুদ্দুছের বাড়ি থেকে গাছ উদ্ধার করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান। পরে স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দেয়।কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, লাঠির আঘাতে কুদ্দুছের মাথায় গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁর পায়ের হাড় ও মুখের নিচের অংশে আঘাত লাগে। বায়েক ইউপির চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এলাকার কুখ্যাত মাদকসেবী ও ব্যবসায়ী কুদ্দুছের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লোকজন তাঁকে গণপিটুনি দিয়েছে।’