কসবায় যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্দন চন্দ্র দাস (৪০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।বন্দন কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের হরিদাস চন্দ্র দাসের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানান, বন্দন এলাকায় কৃষিকাজ করতেন। গত সোমবার জমিতে কাজ শেষে সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। পুকুরে নেমে চিৎকার শুরু করলে বন্দনের ভাতিজা সুমন চন্দ্র দাসসহ কয়েকজন দৌড়ে ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখেন। পরে গুরুতর আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল সকালে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আদিত্য বলেন, সুরতহাল প্রতিবেদনে বন্দনের পিঠে দাগ দেখা গেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।