কসবায় রাষ্ট্রদোহের মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের কয়েকজনের বিরুদ্ধে থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং গোপীনাথপুর গ্রামের হাবিবুর একই গ্রামের নূর মোহাম্মদ (৩৫), কাউছার (৩০), মো. উজ্জ্বল (২৮), রুহুল আমিন খন্দকার (২৩) ও নূরনবীর (৩৫) নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে এই মামলা করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান মামলা করার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত রোববার বঙ্গবন্ধুর খুনি কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের গ্রামের বাড়িতে তাঁর অনুসারীরা পত্রিকায় প্রকাশিত রায়ের কপি ও আওয়ামী লীগের নেতাদের প্রতিক্রিয়া ফটোকপি করে শাহআলম ডিগ্রি কলেজের ফটকে টাঙিয়ে এতে জুতার মালা ঝুলিয়ে রাখে। এ সময় তারা বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও বিচারকদের গালিগালাজ করে। মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে তিনি পত্রিকার ফটোকপি ও জুতার মালা উদ্ধার করেছেন। অভিযোগ অস্বীকার করে মামলার আসামি রুহুল আমিন খন্দকার ও কাউছার মিয়া বলেন, তাঁরা আওয়ামী লীগের কর্মী। বঙ্গবন্ধুর খুনির সঙ্গে তাঁদের সম্পর্ক নেই।