সালদা গ্যাসক্ষেত্র থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় গ্যাস-সংযোগ দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার তিনটি স্টেশনে রেলপথ অবরোধ করে কসবা সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদ। কসবা, মন্দভাগ ও ইমামবাড়ি—তিনটি রেলস্টেশনে অবরোধ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেয়।এ সময় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কর্মকর্তাদের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।এদিকে রেলওয়ের কোনো ক্ষতি যাতে না হয়, সে জন্য আগে থেকেই কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ও নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিউর রহমানের নেতৃত্বে কয়েক শ পুলিশ ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন।সকাল সাড়ে আটটা থেকে সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদের নেতারা কসবা স্টেশনে অবস্থান নিতে থাকেন। পৌর সদরের পুরাতন বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা রেলস্টেশনে জড়ো হতে থাকেন। পাশাপাশি উপজেলার সব কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও রেলস্টেশনে জড়ো হন। সকাল পৌনে নয়টায় রেলপথ অবরোধ করা হয়। কসবা রেলস্টেশনে অবরোধ চলাকালে পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সদস্যসচিব ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি এম জি হাক্কানী, সাধারণ সম্পাদক মো. আবু জাহের, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন প্রমুখ। একই দাবিতে উপজেলার মন্দভাগ রেলস্টেশনে অবরোধ করে এলাকাবাসী। এতে নেতৃত্ব দেন বায়েক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুল হক, বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ও শাহ আলম কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম। রেলপথ অবরোধে স্থানীয় লোকজন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। একইভাবে উপজেলার ইমামবাড়ি স্টেশনে রেলপথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে, নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন শশীদল স্টেশনে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস লাকসাম রেলজংশনে, চাঁদপুর থেকে আখাউড়াগামী লোকাল ট্রেনটি শশীদল স্টেশনে এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনটি ইমামবাড়ি রেলস্টেশনে আটকা পড়ে। পরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান কসবা রেলস্টেশনে পৌঁছে পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গ্যাস-সংযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন পরিষদের নেতারা। বেলা পৌনে ১২টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। সালদা গ্যাসক্ষেত্র থেকে কসবায় গ্যাস-সংযোগের দাবিতে ২০১১ সালের ১৭ নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদ। পরিষদের আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া প্রথম আলোকে জানান, তাঁদের আন্দোলনের মুখে ২০১১ সালের ৭ ডিসেম্বর কসবায় গ্যাস-সংযোগ দিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পেট্রোবাংলাকে জরিপ করার নির্দেশ দেয়। এরপর প্রায় দেড় বছর পার হলেও এলাকার মানুষ গ্যাস পায়নি।