কসবায় রেললাইন অবরোধ, চলাচল এক ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কসবা স্টেশনের জন্য সংরক্ষিত আন্তনগর ট্রেনের আসন বাতিলের প্রতিবাদে এবং একই স্টেশনে অপর একটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে গতকাল রোববার এলাকাবাসী ট্রেনলাইন অবরোধ করে। এতে ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর ট্রেন উপকূল কসবা স্টেশনে আটকা পড়ে। কসবা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এ স্টেশনের জন্য ঢাকাগামী আন্তনগর উপকূলের প্রথম শ্রেণীর দুটি আসন, পাঁচটি চেয়ার এবং ৬৫টি শোভন আসন বরাদ্দ ছিল। কিন্তু চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ গত ৭ ডিসেম্বর এক আদেশে পাঁচটি চেয়ার ও ২৩টি শোভন আসনের বরাদ্দ বাতিল করে দেয়। গত শনিবার কসবা রেলস্টেশন কর্তৃপক্ষ এ আদেশ কার্যকর করে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বেলা ১১টার দিকে বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে স্টেশনে এসে জড়ো হয়। নোয়াখালীগামী উপকূল ট্রেনটিকে আটকে দিয়ে তারা সেখানে বিক্ষোভ করতে থাকে। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীর, কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জি এম মিজানুর রহমান সেখানে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। রেল কর্তৃপক্ষ দু-তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর ১২টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, তাঁরা রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা দু-তিন দিনের মধ্যে মহানগর ট্রেনের যাত্রাবিরতি এবং উপকূলের আসন পুনরায় বরাদ্দের আশ্বাস দিয়েছেন।রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রুকুনুজ্জামান প্রথম আলোকে বলেন, কসবা স্টেশনের জন্য নতুন করে ৩০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।