কসবায় শিশুকন্যার লাশ উদ্ধার, বাবার বিরুদ্ধে হত্যা মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরুহিত গ্রামের একটি পুকুর থেকে গত রোববার সামিয়া আক্তার (১) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা সাদ্দাম হোসেন তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা কোহিনুর আক্তার স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। সাদ্দাম হোসেন পলাতক।পুলিশ, এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম তাঁর স্ত্রী-কন্যাকে নিয়ে কসবা পৌর শহরের মাছবাজারের পাশে একটি বাড়িতে থাকেন। গত শনিবার সন্ধ্যায় সাদ্দাম তাঁর মেয়ে সামিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হন। রোববার সকালে কসবা পৌর এলাকার গুরুহিত গ্রামের একটি পুকুরে একটি শিশুর লাশ দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। সামিয়ার মা কসবা থানায় গিয়ে লাশটি সামিয়ার বলে শনাক্ত করেন।সামিয়ার মা কোহিনুর আক্তার বলেন, তিনি নিশ্চিত যে তাঁর স্বামীই মেয়েকে হত্যা করেছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন বলেন, মেয়েটিকে পানিতে চুবিয়ে হত্যা করে লাশটি পানিতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।