কসবায় শিশুর মৃত্যু, ভৈরব, কমলগঞ্জে জীবনযাত্রা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিরাম বৃষ্টিতে ভৈরব পৌর শহরের রানীর বাজারের কাঁচাবাজার এলাকা পানিতে তলিয়ে গেছে l ছবি: প্রথম আলো
অবিরাম বৃষ্টিতে ভৈরব পৌর শহরের রানীর বাজারের কাঁচাবাজার এলাকা পানিতে তলিয়ে গেছে l ছবি: প্রথম আলো

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শুক্রবার প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিতে ডুবে এক শিশু মারা গেছে এবং দুজন আহত হয়েছে। এ ছাড়া কয়েকটি বসতঘর, রাস্তা ও কসবা সীমান্ত হাটের সীমানাপ্রাচীর ভেঙে গেছে এবং জমির ফসল প্লাবিত হয়েছে।

এদিকে মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের ভৈরব ও মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টি থাকায় মানুষজন ঘর থেকে বের হতে পারেনি। দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষের আয়রোজগারও বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত একটার পর থেকে ভৈরবে বৃষ্টি শুরু হয়। ভোরে এর গতি আরও বাড়ে। দুপুরের দিকে পৌর শহরের বেশির ভাগ সড়কের প্রায় হাঁটুপানি জমে যায়। দুপুর থেকে অনেক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পানি প্রবেশ করে ভৈরব বাজারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে। এ কারণে বন্ধ হয়ে যায় বেচাকেনা ও লেনদেন।

গতকাল দুপুরের দিকে গিয়ে দেখা যায়, শহরের প্রধান বঙ্গবন্ধু সরণির সড়কটির পুরো অংশ পানির নিচে তলিয়ে আছে। বেশির ভাগ জায়গায় হাঁটুপানি। এ কারণে বেলা ১১টার পর থেকে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া পানির নিচে তলিয়ে যায় পৌর শহরের গাছতলাঘাট, ভৈরবপুর দক্ষিণপাড়া, কমলপুর, জগন্নাথপুর ও কালিপুর মহল্লার অধিকাংশ সড়ক।

এলাকাবাসী জানান, এবারের এ চিত্র পুরোপুরি নতুন। এর আগে পৌরবাসীকে এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি। গত বছরও টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও পানি জমলেও পুরো শহর তলিয়ে যায়নি। বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি সরে গেছে। ফলে আগের বছরগুলোর দুর্ভোগ ছিল সাময়িক। এবার পানি সরছে না।

ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মো. আল আমিন বলেন, ‘আমরা আমাদের নিজেদের প্রয়োজনে শহরের বেশির ভাগ পানিনিষ্কাশনের পথ বন্ধ করে ফেলেছি। তিনি আশা করছেন, এবার বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হলেও আগামী বছর অবস্থার উন্নতি হবে। কারণ, হাতে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পানিনিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে।’

কমলগঞ্জে বৃহস্পতিবার শেষ রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়। গতকাল শুক্রবার সারা দিন টানা বৃষ্টিপাতে কমলগঞ্জের সব হাটবাজারের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। টানা বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হয়নি।

কসবায় পানিতে ডুবে মারা যাওয়া জিসান মিয়া কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামের জসিম মিয়ার ছেলে। এতে আহত হয়েছে একই গ্রামের বাছির মিয়ার মেয়ে তাছলিমা আক্তার (৮) এবং আল-আমিন মিয়ার মেয়ে আকলিমা আক্তার (৯)। তাদের প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।